গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানির চেয়ারপার্সন শামসুন নাহার বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং কোম্পানি সেক্রেটারি মো. অলিউল্লাহ খান, এফসিএস-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্পন্সর, পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভার শুরুতে চেয়ারপার্সন কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধিতে সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি গ্রাহকসেবা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরলস প্রচেষ্টার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে বীমা খাতে শীর্ষস্থান ধরে রাখতে শেয়ারহোল্ডারদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি চ্যালেঞ্জপূর্ণ সময়ে নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রতিষ্ঠানের সকল কর্মীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে স্বয়ংক্রিয় গ্রাহকসেবা, পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করা হবে। আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরীও শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই এজিএম-এ অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা কোম্পানির দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী করপোরেট গভর্ন্যান্স, আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা এবং ২০২৫ অর্থবছরের তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সন্তোষ প্রকাশ করেন।




