নির্বাচনী ইশতেহার- ২০২৬

বীমা খাতে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা, কৃষি বীমা ও মোটর বীমা চালুর অঙ্গীকার বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক: ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) । শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে ঘোষিত এই ইশতেহারে দেশের বীমা খাতে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা, কৃষি বীমা ও মোটর গাড়ি বীমা চালুর অঙ্গীকার করেছে দলটি।

বিএনপি’র ইশতেহারে কৃষি বীমার বিষয়ে বলা হয়েছে- প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ঝুঁকি হ্রাস এবং কৃষি উৎপাদনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু ও সম্প্রসারণ করা হবে।

সড়ক পরিবহন বীমা তথা মোটর বীমার বিষয়ে বিএনপি’র ইশতেহারে বলা হয়েছে- যাত্রী, যানবাহনের ড্রাইভার ও সহকারী আকস্মিক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হলে তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় নির্বাহের জন্য প্রত্যেকটি যানবাহনকে পর্যায়ক্রমে বীমার আওতায় আনা হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানখাত সংস্কারের ক্ষেত্রে দেশের বীমা খাত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনার কথাও জানিয়েছে বিএনপি। দলটির ইশতেহারে বলা হয়েছে- বীমা খাতে গ্রাহক সুরক্ষা, তহবিল ব্যবস্থাপনার জবাবদিহী এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করা হবে।