বিআইএ'র সাবেক প্রেসিডেন্ট শেখ কবির হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র সাবেক প্রেসিডেন্ট শেখ কবির হোসেন আর নেই। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীমা খাতের একাধিক সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি গত কয়েক বছর থেকেই শারিরিকভাবে অসুস্থ ছিলেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছে, কলাবাগান স্টাফ কোয়ার্টার জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল গোপালগঞ্জে তার পারিবারিক করস্থানে তাকে দাফন করা হবে।

শেখ কবির হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১১ সালে। এর পর টানা ১৩ বছর তিনি এ পদে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালে ২৮ অক্টোবর তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের পদ থেকে পদত্যাগ করেন। শেখ কবির হোসেন সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন।

শেখ কবির হোসেন ১৯৪২ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শেখ কবির হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই।

তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পর্যটন করপোরেশন ও সোনালী ব্যাংকে চাকরি করেছেন। ১৯৭৫ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

ন্যাশনাল টি কোম্পানি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামিয়া আই ইনস্টিটিউটের ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক ছিলেন, তিনি  খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।