বীমা কোম্পানির লাইসেন্স ফি মওকুফ চেয়ে আইডিআরএকে বিআইএর চিঠি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ২০২৬ সালের জন্য লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের অবশিষ্ট ফি মওকুফের দাবি জানিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে সংগঠনটি।
বিআইএ সূত্রে জানা গেছে, সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান স্বাক্ষরিত একটি চিঠি রোববার (৮ মার্চ) আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আইডিআরএ-এর পূর্বে জারি করা দুটি স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বীমা আইনের ১১(২) ধারা অনুযায়ী কোনো বীমাকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয় এবং এর সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। একই আইনের ১১(৩) ধারা অনুযায়ী আবেদন ও ফি প্রাপ্তির পর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন করে।
বিআইএ জানায়, আইন অনুযায়ী দেশের সব বীমা কোম্পানি ২০২৬ সালের নিবন্ধন ফি ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিয়েছে।
এ প্রেক্ষাপটে, গত ১ মার্চ ২০২৬ তারিখে বিআইএর একটি প্রতিনিধি দল আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে ২০২৬ সালের জন্য বীমা কোম্পানিগুলোর অবশিষ্ট লাইসেন্স নবায়ন ফি পরিশোধের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে গেজেট সংশোধনের উদ্যোগ নেয়ার অনুরোধও জানায় বিআইএ।




