ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ দিনের ছুটিতে যাচ্ছে বীমা খাত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বীমা খাতেও টানা সাত দিনের ছুটি কার্যকর হতে যাচ্ছে। এর ফলে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বীমা কোম্পানিগুলোর প্রধান কার্যালয়, শাখা অফিস ও নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৪ মার্চ থেকে বীমা কোম্পানিগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি কার্যকর হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে- এমন সম্ভাব্য তারিখ ধরে আগে থেকেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি, আর ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
এদিকে ১৭ মার্চ শব-ই-কদরের সরকারি ছুটি এবং নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণার ফলে ঈদের আগে চার দিন ও ঈদের পর দুই দিন মিলিয়ে মোট সাত দিনের টানা ছুটি হচ্ছে।
সাধারণত সরকারি ছুটির প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে বীমা খাতও তাদের কার্যক্রম বন্ধ রাখে। তাই টানা এই ছুটির আগে গ্রাহকদের প্রয়োজনীয় প্রিমিয়াম জমা, নথিপত্র জমা বা জরুরি বীমা সংক্রান্ত কাজগুলো আগেই সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়েছে।




