বীমা কোম্পানিগুলোর অডিট করতে ৭ সিএমএ ফার্মকে তালিকাভুক্ত করল আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর কস্ট অডিট বা ব্যয় নিরীক্ষা এবং পারফরম্যান্স অডিট বা কর্মদক্ষতা নিরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নতুন করে ৭টি কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট (সিএমএ) ফার্মকে তালিকাভুক্ত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

নিয়ন্ত্রক সংস্থাটির প্রশাসন অনুবিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

আইডিআরএ পরিচালক (প্রশাসন) বিশ্বজিত কুমার পাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে নির্দিষ্ট এই ৭টি ফার্ম বীমা খাতের অডিট কার্যক্রম পরিচালনা করতে পারবে।

তালিকাভুক্ত ৭টি সিএমএ ফার্ম হলো- এ হান্নান অ্যান্ড কোং, হোসেন অ্যান্ড কোং, মুজিবুর রহমান অ্যান্ড কোং, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস, সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং, সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং স্যাম অ্যান্ড অ্যাসোসিয়েটস।

উল্লেখ্য, কস্ট অডিট বা ব্যয় নিরীক্ষা হলো কোনো প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত হিসাব ও নথিপত্রের একটি নিয়মতান্ত্রিক এবং নিরপেক্ষ পরীক্ষা। এর মূল লক্ষ্য হলো খরচ বা ব্যয়ের সঠিকতা যাচাই করা।

অপরদিকে পারফরম্যান্স অডিট বা কর্মদক্ষতা নিরীক্ষা হলো কোনো প্রতিষ্ঠান, কর্মসূচি বা প্রকল্প কতটা দক্ষতা ও মিতব্যয়িতার সাথে পরিচালিত হচ্ছে তার একটি স্বাধীন মূল্যায়ন।

বীমা খাতে স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত এই অডিট কার্যক্রম পরিচালনা করা হয়। এই তালিকাভুক্তির ফলে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনায় আরও পেশাদারিত্ব আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।