বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি সংশোধনের স্পষ্ট প্রস্তাব চেয়েছে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে ব্যবসা পরিচালনাকারী বেসরকারি কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে ফি নির্ধারণ বিষয়ে স্পষ্ট প্রস্তাব চেয়েছে অর্থ মন্ত্রণালয়। এ জন্য ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২’ (সর্বশেষ সংশোধন ২০২৬)-এর বিধি ৩(২) নিয়ে সুস্পষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) বীমা-১ শাখা থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন এফআইডি উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ফি নির্ধারণের সুবিধার্থে বিধিমালা অনুযায়ী একটি সুষ্পষ্ট প্রস্তাব প্রয়োজন। এর আগে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে আইডিআরএ থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে এই নির্দেশ প্রদান করেছে মন্ত্রণালয়।
আইডিআরএ’র পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০১০ সালের বীমা আইন এবং ২০১২ সালের বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা অনুযায়ী, বীমা প্রতিষ্ঠানগুলো নিবন্ধন নবায়নের জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে বাধ্য। বিশেষত, বীমা প্রতিষ্ঠানগুলো প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১.০০ টাকার ফি প্রদান করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি জমা দিয়েছে।
তবে, ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি সংক্রান্ত সংশোধন প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পরেও ৬৭টি বীমা প্রতিষ্ঠান ফি পরিশোধে ব্যর্থ হয়েছে, ফলে তাদের নিবন্ধন নবায়ন সম্ভব হয়নি। এই প্রেক্ষিতে বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি নির্ধারণের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আইনি মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।



