এফআইডি অনুমোদন দিলে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি থাকছে হাজারে ১ টাকা

নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) অনুমোদন দিলে বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা-ই বজায় থাকবে। নিবন্ধন ফি হাজারে ১ টাকা করে রাখার নির্দেশ দেয়ার জন্য বৃহস্পতিবার (২৫ জুন) আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের জন্য বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা করে আদায়-ই যৌক্তিক বলে মনে করছেন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। এ বিষয়ে বীমা মালিকদের সংগঠন বিআইএ’র সাথে পর্যালোচনা করেই যৌক্তিকতার এই সিদ্ধান্তে এসেছে নিয়ন্ত্রক সংস্থা।

তবে সংশোধিত প্রবিধানমালা অনুসারে ২০২৬ সালের পরবর্তী বছরগুলোতে নিবন্ধন নবায়ন ফি কমানোর কোন উদ্যোগ নেয়া হবে কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ওই চিঠিতে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি একটি বিতর্কিত গেজেট প্রকাশের মাধ্যমে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১.০০ টাকা থেকে একলাফে আড়াই গুণ বাড়িয়ে ২.৫০ টাকা নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তবে ২০২৬ সাল থেকেই নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির বিরোধীতা করে আসছে বেসরকারি খাতের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর দাবি ছিল, এই অস্বাভাবিক ফি বৃদ্ধির ফলে ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম সম্পন্ন একটি কোম্পানির ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকা হয়ে যাবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র পক্ষ থেকে এই বর্ধিত ফি অবিলম্বে মওকুফের দাবি জানানো হয় এবং এটিকে খাতের জন্য একটি বড় আর্থিক বোঝা হিসেবে আখ্যায়িত করা হয়।

কিন্তু বীমা মালিকদের এই দাবি উপেক্ষা করেই গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সকল বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২.৫০ টাকা হারে-ই পরিশোধের নির্দেশ দেয়।

এই নির্দেশনাটি পুনর্বিবেচনা করে ২০২৬ সালের জন্য বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা হারে নির্ধারণ করতে এফআইডি’কে নির্দেশনা জারির অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।