নির্বাচনি ইশতেহার

বাধ্যতামূলক কর্ম-সুরক্ষা বীমা চালুর প্রতিশ্রুতি এনসিপির

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি ঘোষিত ইশতেহারে ইন্স্যুরেন্সকে কেন্দ্র করে স্বাস্থ্যসেবা ও শ্রমিক সুরক্ষায় একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে এনসিপি। দলটির ‘তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা’ ইশতেহারে বাধ্যতামূলক কর্ম-সুরক্ষা বীমা ও পেনশন ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহার অনুযায়ী, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা জোরদারে ইন্স্যুরেন্সকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণ করা হবে। পাশাপাশি শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে বাধ্যতামূলক কর্ম-সুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, আঘাত কিংবা আয়হানির ঝুঁকি কমাতে একটি বাধ্যতামূলক সুরক্ষা কাঠামো গড়ে তোলার কথাও উল্লেখ রয়েছে।

স্বাস্থ্য খাতে প্রতিটি নাগরিকের জন্য এনআইডি-ভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড চালুর পরিকল্পনা দিয়েছে এনসিপি। রোগীকে কোন স্তরে, কখন এবং কোথায় পাঠানো হবে- সে বিষয়ে কার্যকর একটি রেফারেল সিস্টেম গড়ে তোলার কথাও ইশতেহারে বলা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে সব নাগরিককে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।

এদিকে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও পুঁজিবাজারে নিয়ন্ত্রণ জোরদারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ইশতেহারে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ডেটাবেইস তৈরির পাশাপাশি কঠোর আইন প্রয়োগ, সম্পদ বাজেয়াপ্ত এবং রাজনৈতিক অধিকার প্রত্যাহারের মতো পদক্ষেপের কথাও উল্লেখ আছে। এনসিপির মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আর্থিক খাতে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে।