প্রস্তাবিত বীমা রেজ্যুলেশন অধ্যাদেশ: কাঠামো, প্রভাব ও আইনি দ্বন্দ্বের বিশ্লেষণ
ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল: বাংলাদেশের বীমা খাতকে আরও সুশাসিত, স্থিতিশীল ও জবাবদিহিমূলক কাঠামোর আওতায় আনতে সরকার 'বীমা রেজ্যুলেশন অধ্যাদেশ ২০২৫' প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য হচ্ছে সংকটাপন্ন বা আর্থিকভাবে দুর্বল বীমা প্রতিষ্ঠানের পুনর্গঠন, পুনর্বাসন কিংবা প্রয়োজনে সুশৃঙ্খলভাবে অবসান প্রক্রিয়া পরিচালনার জন্য একটি কার্যকর আইনগত কাঠামো তৈরি করা।
তবে এই অধ্যাদেশটি কার্যকর হলে বীমা খাতের বিভিন্ন অংশীজন- যেমন পলিসিগ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট বাজার অংশগ্রহণকারীদের ওপর এর বহুমাত্রিক প্রভাব পড়তে পারে। বিশেষ করে, বিদ্যমান বীমা আইন, কোম্পানি আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধানসমূহের সঙ্গে সম্ভাব্য আইনি দ্বন্দ্ব (Legal Conflict), ক্ষমতার ভারসাম্য এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এই প্রেক্ষাপটে, 'বীমা রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫'-এর বিভিন্ন ধারা ও প্রস্তাবিত কাঠামো বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য নেতিবাচক প্রভাব, স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্বেগ এবং বিদ্যমান আইনসমূহের সঙ্গে এর সম্ভাব্য দ্বন্দ্বের বিষয়গুলো নিয়ে নিচে একটি বিশদ আলোচনা উপস্থাপন করা হলো।
সামগ্রিক মূল্যায়ন
বীমা রেজ্যুলেশন অধ্যাদেশ ২০২৫ একটি শক্তিশালী এবং সুদূরপ্রসারী আইন। এর মূল উদ্দেশ্য হলো দেউলিয়া হওয়ার পথে থাকা কোনো বীমা কোম্পানিকে (ইন্স্যুরার) আইডিআরএ’কে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা দেয়া, যাতে পলিসিগ্রাহকদের স্বার্থ রক্ষা করা যায় এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা যায়। এই আইনটি বিদ্যমান কোম্পানি আইন বা বীমা আইনের সাধারণ লিকুইডেশন প্রক্রিয়ার একটি শক্তিশালী বিকল্প। এটি স্পন্সর ও পরিচালকদের জন্য অত্যন্ত প্রতিকূল, পলিসিধারকদের জন্য অত্যন্ত অনুকূল এবং অন্যান্য পাওনাদারদের জন্য একটি মিশ্র ফলাফল বয়ে আনতে পারে।
বিভিন্ন স্টেকহোল্ডারের স্বার্থের ওপর প্রভাব
১. স্পন্সর, উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডারদের জন্য:
প্রস্তাবিত এই অধ্যাদেশটি স্পন্সর ও শেয়ারহোল্ডারদের জন্য অত্যন্ত প্রতিকূল।
নিয়ন্ত্রণ হারানো: আইডিআরএ যদি কোনো বীমা কোম্পানিকে রেজ্যুলেশনের আওতায় আনে, তাহলে কোম্পানির পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সকল ক্ষমতা খর্ব হয়ে যাবে। একজন প্রশাসক নিয়োগের মাধ্যমে আইডিআরএ কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে (ধারা ২০,৫১)।
আর্থিক ক্ষতি: এই অধ্যাদেশের ৩৩ ধারা অনুযায়ী, একটি ব্যর্থ কোম্পানির পুনর্গঠনের সময় শেয়ারের মূল্য সম্পূর্ণরূপে পাওয়া যাবে না। এটি রাইট ডাউন হয়ে যাবে। শেয়ারহোল্ডাররাই প্রথম ক্ষতির সম্মুখীন হবেন। তাদের সম্মতি ছাড়াই তাদের শেয়ার বাতিল, হস্তান্তর বা অন্য কাউকে দেওয়ার কথা এই আইন/অধ্যাদেশে বলা হয়েছে (ধারা ২৮)।
ব্যক্তিগত দায়: কোম্পানির ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি হিসেবে স্পন্সর ও পরিচালকদের চিহ্নিত করা হয়েছে (ধারা ৭৭)। আইডিআরএ তাদের ব্যক্তিগত সম্পদের তালিকা চাইতে পারবে (ধারা ৮০) এবং যদি প্রমাণিত হয় যে, তারা কোম্পানির অর্থ অনিয়মিতভাবে নিজেদের বা নিজেদের কাছের লোকের মাধ্যমে নিয়েছেন, তাহলে তা বাজেয়াপ্ত করতে পারবে (ধারা ৮১)।
জরিমানা ও কারাদণ্ড: ধারা ৮৩-এ বর্ণিত বিভিন্ন অপরাধ যেমন মিথ্যা তথ্য দেওয়া, কোম্পানির সম্পদ লুকানো ইত্যাদির জন্য পরিচালকদের ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে (ধারা ৮৫)।
২. পরিচালক ও শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য:
এই আইনটি শীর্ষ কর্মকর্তাদের জন্য (Directors & Senior Management) অত্যন্ত চ্যালেঞ্জিং। এই আইনের ফলে পরিচালকরা কোম্পানির নিয়ন্ত্রন হারাবেন, আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, ব্যক্তিগত দায় হিসাবে চিহ্নিত হবে।
সরাসরি দায়: কোম্পানির ব্যর্থতার জন্য তারাই মূলত দায়ী বিবেচিত হবেন এবং তাদের কারণেই রেজ্যুলেশন ট্রিগার হতে পারে (ধারা ১৫)।
বোনাস ও সুবিধা বাতিল: ঊর্ধ্বতন কর্মকর্তাদের বোনাস বা পরিবর্তনশীল পারিশ্রমিক (variable remuneration) বাতিল করার (ধারা ১৬) ক্ষমতা আইডিআরএ কে দেয়া হয়েছে।
৩. পলিসিগ্রাহকদের জন্য (Policyholders) অত্যন্ত উপযোগী। তাদের অনুকূলেই শতভাগ এই আইনের সুফল দেয়া হয়েছে।
সর্বোচ্চ অগ্রাধিকার: এই আইনের মূল লক্ষ্যই হলো পলিসিধারকদের স্বার্থ রক্ষা করা (ধারা ৯)। কোনো কোম্পানি দেউলিয়া হলে তার সম্পদ বন্টনের সময় সুরক্ষিত পলিসিগ্রাহক এবং পলিসি হোল্ডারস প্রটেকশন ফান্ড-এর দাবি সবচেয়ে আগে পরিশোধ করা হবে (ধারা ৬৭)।
সুরক্ষার ধারাবাহিকতা: 'ব্রিজ ইন্স্যুরার' (ধারা ৩০)-এর মতো পদ্ধতি ব্যবহার করে একটি ব্যর্থ কোম্পানিকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে পলিসিগ্রাহকদের পলিসি ও সেবা অব্যাহত থাকে। এমনকি তাদের মূল কোম্পানিটি বন্ধ হয়ে গেলেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ক্ষতিপূরণের নিশ্চয়তা: কোনো রেজ্যুলেশন কার্যক্রমের ফলে পলিসিগ্রাহকরা যদি সাধারণ লিকুইডেশনের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন, তবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে (ধারা ৪০)।
৪. কর্মচারীদের জন্য (Employees) মাঝারি মানের অর্থাৎ মিশ্র ফলাফল বয়ে আনবে।
প্রতিকূল দিক: রেজ্যুলেশন প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানির মালিকানা পরিবর্তন হলে, কর্মচারীদের চাকরি চলে যেতে পারে অথবা ক্ষতিপূরণ পেতে পারেন (ধারা ২৯)। এছাড়া লিকুইডেশন প্রক্রিয়ায় গেলে ৪ মাসের মধ্যে তাদের চাকরির চুক্তি বাতিল হয়ে যেতে পারে (ধারা ৫৮)।
৫. সাধারণ পাওনাদার ও বিনিয়োগকারীদের জন্য (Creditors & Investors) মোটেও উপযোগী নয়। আইনটি তাদের জন্য অত্যন্ত প্রতিকূল।
অধীনস্থ ঋণ (Bail-in): ধারা ৩৩ অনুযায়ী, কোম্পানির বিভিন্ন ঋণ (যেমন ডিবেঙ্গার, বন্ড) জোরপূর্বক শেয়ারে রূপান্তরিত করার অথবা ঋণের মূল্যমান কমিয়ে দেওয়ার ('রাইট ডাউন') ক্ষমতা আইডিআরএ কে দয়া হয়েছে। এর মাধ্যমে কোম্পানিকে বাঁচানোর খরচ বিনিযোগকারীদের ওপর চাপানোর ব্যবস্থা করা হয়েছে।
সরকারি অর্থ ব্যবহারের আগে লোকসান: এই আইনের মূলনীতি হলো, সরকারি অর্থ বা পলিসি হোল্ডারদের ফান্ড ব্যবহারের আগে, শেয়ারহোল্ডার এবং নির্দিষ্ট কিছু ঋণগ্রহীতাকে ক্ষতি বহন করতে হবে। তাই সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ হারানোর ঝুঁকিতে থাকবেন (ধারা ৩৫, ৩৭)।
মামলা স্থগিত: রেজ্যুলেশন চলাকালীন আইডিআরএ আদালতে আবেদন করে কোম্পানির বিরুদ্ধে চলমান সকল মামলা-মোকদ্দমা ১২ মাসের জন্য স্থগিত রাখতে পারবে (ধারা ১৯)। ফলে পাওনাদাররা তাদের পাওনা আদায়ে আইনি পদক্ষেপ নিতে পারবে না।
বিদ্যমান আইনের সাথে দ্বন্দ্ব (Conflicting with existing law):
এই অধ্যাদেশটি এমনভাবে প্রণীত হয়েছে যাতে এটি প্রয়োজনে অন্য যেকোনো আইনকে অগ্রাহ্য করে কাজ করতে পারবে। ধারা ৪-এ স্পষ্টভাবেই বলা আছে: "এই অধ্যাদেশের বিধানাবলি অপর কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, তাহা প্রাধান্য পাইবে।"
কয়েকটি গুরুত্বপূর্ণ আইনের সাথে এবং এই অধ্যাদেশ/আইনের সাথে দ্বন্দ্বের (Conflict) বিষয় তুলে ধরা হলো:
|
বিদ্যমান আইন |
দ্বন্দ্বের (Conflict) ক্ষেত্র। এই আইনের প্রাধান্য |
|
কোম্পানি আইন, ১৯৯৪ (Companies Act, 1994)
|
মৌলিক দ্বন্দ্ব: এই অধ্যাদেশ সম্পূর্ণরূপে কোম্পানি আইনের সাধারণ লিকুইডেশন প্রক্রিয়া, শেয়ারহোল্ডারদের অধিকার এবং পরিচালনা পর্ষদের ক্ষমতাকে উপেক্ষা করে প্রস্তাব করা হয়েছে। উদাহরণ: ১. শেয়ারহোল্ডারদের অধিকার (ধারা ২৭, ২৮): কোম্পানি আইন শেয়ারহোল্ডারদের সম্মতি ছাড়া শেয়ার হস্তান্তর বা বাতিলের অনুমতি দেয় না। এই অধ্যাদেশে তা করার ক্ষমতা আছে। ২. কোম্পানি ভেঙে দেওয়া: পাওনাদারদের দাবির ভিত্তিতে কোম্পানি ভেঙে দেওয়ার (ওয়াইন্ডিং আপ) যে প্রক্রিয়া কোম্পানি আইনে আছে, এই অধ্যাদেশ তার আগেই আইডিআরএ-কে হস্তক্ষেপের সুযোগ দিয়ে সেটিকে অগ্রাহ্য করা হয়েছে। |
|
ইন্স্যুরেন্স আইন, ২০১০ (Insurance Act, 2010) |
সরাসরি অগ্রাধিকার: এই অধ্যাদেশ রি-ইন্স্যুরেন্স আইনের তত্বাবধান ও লিকুইডেশন সংক্রান্ত সাধারণ বিধানগুলোর ওপর প্রাধান্য পাবে। ধারা ৫৫-এ উল্লেখ আছে যে, এই অধ্যাদেশের অধীন লিকুইডেশন প্রক্রিয়া ইন্স্যুরেন্স আইনের ১০৩, ১০৫ ও ১০৭ ধারাকে অগ্রাহ্য করে চলবে। |
|
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯; বিএসইসি আইন, ১৯৯৩ (Securities Laws) |
উল্লেখযোগ্য দ্বন্দ্ব (Conflict): শেয়ার ও বন্ড হস্তান্তরের ক্ষেত্রে সিকিউরিটিজ আইনে বিনিয়োগকারীদের সুরক্ষার যে বিধান রযেছে, তা এই অধ্যাদেশের 'বেল-ইন' টুলের (ধারা ৩৩) মাধ্যমে উপেক্ষিত হয়েছে। জোরপূর্বক ঋণ থেকে শেয়ারে রূপান্তর বা ঋণ কমানোর ঘটনা বিএসইসি-এর নিয়মের পরিপন্থী। |
|
দেউলিয়া আইন, ১৯৯৭ (Bankruptcy Act, 1997) |
সরাসরি অগ্রাধিকার: ধারা ৭১ বলা হয়েছে যে, কোনো সক্রিয় বীমা কোম্পানি দেউলিয়া আইনের আওতায় যেতে পারবে না। তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই অধ্যাদেশের আওতায় রেজ্যুলেশন প্রক্রিয়া প্রযোজ্য হবে। |
|
ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি (CrPC & Penal Code) |
অতিরিক্ত দণ্ড: এই অধ্যাদেশে বীমা কোম্পানির ব্যর্থতা সংক্রান্ত নতুন অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে (ধারা ৮৩), যার জন্য পৃথক ও কঠোর শাস্তির (কারাদণ্ড ও জরিমানা) বিধান রাখা হয়েছে (ধারা ৮৫), যা দণ্ডবিধির সাধারণ ধারার বাইরে। |
|
সিভিল কার্যবিধি, ১৯০৮ (Code of Civil Procedure, 1908) |
মৌলিক অধিকার খর্ব: ধারা ১৯ এর প্রদত্ত ক্ষমতা বলে, রেজ্যুলেশন চলাকালে কোম্পানির বিরুদ্ধে দেওয়ানি মামলা স্থগিত রাখার ক্ষমতা আদালতকে দেয়া হয়েছে। যা সাধারণ দেওয়ানি মামলার স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। |
উপসংহার
ইন্স্যুরেন্স রেজ্যুলেশন অধ্যাদেশ ২০২৫ একটি আধুনিক ও সঙ্কট-মোকাবিলার আইন হিসাবে প্রস্তাব করা হয়েছে। এটি বীমা খাতের স্থিতিশীলতা ও পলিসিধারকদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব/প্রাধান্য দিবে বলে মনে করা হয়েছে। ফলে, এটি স্পন্সর, পরিচালক ও সাধারণ পাওনাদারদের জন্য অত্যন্ত কঠোর। তাদের স্বার্থকে পলিসিগ্রাহক ও আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার স্বার্থের কাছে বলি দেওয়ার বিধান এই আইনে রাখা হয়েছে। ধারা ৪-এর 'অন্য আইনকে অগ্রাহ্য করার ক্ষমতা'- (Non-obstante clause) ওপর ভিত্তি করে এই আইনের বৈধতা ও কার্যকারিতা নির্ভর করবে এবং এটি একটি প্রযোজনীয় আইন হিসেবে বিবেচিত হবে।




