ডেল্টা লাইফের ৩৫% নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ট) অনুমোদন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সোমবার (২৯ জুন) সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন পর্যালোচনার পর এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।এতে আরও যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামাল, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং পর্যবেক্ষক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, এনডিসি।
এছাড়াও বহির্নিরীক্ষক, এসইসি, ডিএসই ও সিএসই'র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন।
সমাপনী বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, ডেল্টা লাইফ সততা ও মানুষের আস্থা অর্জনের সাথে ব্যবসা করে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে লভ্যাংশ দিয়ে যাচ্ছে।
বীমা দাবিতে শতভাগ পারফরমেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, বীমা কোম্পানিতে দাবি পরিশোধ হলো মূল বিষয়। সেই ক্ষেত্রে ডেল্টা লাইফ সমাজে স্বীকৃতি অর্জন করতে সমর্থ হয়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতেও চলতি বছরে কোম্পানিটি প্রায় ১০% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা প্রশংসার দাবি রাখে বলে তিনি জানান এবং সফলতার জন্য সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।



